English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৯ ১৮:৪৫
সূত্র:

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার প্রস্তাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার প্রস্তাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সংবিধান সংশোধন করারও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সালমান এফ রহমান এ প্রস্তাব করেন। এর আগে দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।

সংসদে সালমান এফ রহমান বলেন, আমরা যারা রাজনীতি করি আমরা বক্তব্য শেষ করার পর জয় বাংলা বলি। কিন্তু যারা সরকারি কর্মকর্তা তারা বলে না। আমি একজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম- আপনারা ‘জয় বাংলা’ বলেন না কেন? তিনি বললেন- আমরা সরকারি চাকরি করি, আমরা নির্দলীয়। যে ‘জয় বাংলা’ স্লোগানে বাংলাদেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হয়েছে, যার জন্য উনারা (সরকারি কর্মকর্তা-কর্মচারী) পদে আছেন। সেই ‘জয় বাংলা’ কী করে দলীয় স্লোগান হয়?

তিনি সংসেদ প্রশ্নে রেখে বলেন, রাষ্ট্রপতিও ‘জয় বাংলা’ বলে তার ভাষণ শেষ করেছেন। তাহলে রাষ্ট্রপতি কী শুধু আওয়ামী লীগের হয়ে গেলেন, তিনি কী দেশের রাষ্ট্রপতি নন!।

সালমান এফ রহমান বলেন, আমি প্রস্তাব করছি- যেভাবে আমরা সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি, সেভাবে সংবিধান সংশোধন করে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করতে হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু পত্র-পত্রিকা আছে বঙ্গবন্ধু লেখে না, শুধু শেখ মুজিব লেখে, এটা অত্যন্ত দুঃখজনক।