English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩২
সূত্র:

নির্ঘুম রাত কাটালেন বিমর্ষ প্রধানমন্ত্রী

নির্ঘুম রাত কাটালেন বিমর্ষ প্রধানমন্ত্রী

পুরান ঢাকার চকবাজারে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়ে পরোক্ষভাবে উদ্ধার অভিযান তদারকি করেন। এ খবর পাওয়ার পর তিনি খোঁজখবর নেয়া শুরু করেন। এ সময় তাকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখায়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার দুপুরে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রীর নির্ঘুম রাত কাটানোর তথ্য জানান।

ডিএসসিসি মেয়র খোকন জানান, এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু এবং ৪১ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে দগ্ধ নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সুষ্ঠুভাবে উদ্ধার তৎপরতায় তিনি (শেখ হাসিনা) প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। সারা রাত তার তত্ত্বাবধানে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। এ ঘটনায় নিহত ও আহত সবার পুনর্বাসনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন।

সাঈদ খোকন জানান, এ দুর্ঘটনার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে পর্যবেক্ষণের জন্য তিনটি টিম কাজ করছে। নিহতদের শনাক্তের কাজ চলছে। যাদের শনাক্ত করা সম্ভব হবে না ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় শনাক্ত করা হবে। তিনি বলেন, আহতদের বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন।