English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:১৭
সূত্র:

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

প্রথমবারের মতো দেশে আজ শনিবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সূত্রে জানা গেছে, সংস্থার প্রতিষ্ঠার দিনটিকেই এই দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রতিবছরই এই দিনটি পালন করা হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ- গড়বো সোনার বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিএফএসএ ঢাকায় দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সারাদেশে ৪৬৩টি সংস্থা কাজ শুরু করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ভেজাল খাদ্য পরিবেশন প্রতিরোধে হোটেল রেস্টুরেন্টগুলো গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। এবং স্ব-স্ব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তদারকি করবেন।

র‌্যালি শেষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন প্রমুখ।