English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৯:১৫
সূত্র:

পূর্বাচলে নয়, আগারগাঁওয়েই থাকছে বাণিজ্য মেলা

পূর্বাচলে নয়, আগারগাঁওয়েই থাকছে বাণিজ্য মেলা

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সরিয়ে নেয়ার কথা থাকলেও সেটা এখন আর হচ্ছে। শেরেবাংলা নগরেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু থাকছে। রোববার সকালে বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কয়েক বছর আগে বাণিজ্য মেলার বর্তমান স্থান থেকে সরিয়ে পূর্বাচলে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। বাণিজ‌্য মেলার শুরু থেকে তা শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে হয়ে আসছে। এতে ওই এলাকায় পুরো মাস ধরে যানজট লেগে থাকে। এই প্রেক্ষাপটে ২০১৫ সালে ঢাকার পূর্বাচলে ২০ একর জমির উপর আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী প্রাঙ্গণ তৈরির একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।

তবে আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাৎসরিক বাণিজ্য মেলা আগারগাঁও থেকে সরছে না, স্থায়ীভাবে প্রতি বছর এখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

পূর্বাচলের প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বাচলে মেলার জন্য যে নতুন স্থায়ী স্থাপনা বানানো হচ্ছে, সেখানে সারা বছরই কোনো না কোনো বিষয়ে মেলা অনুষ্ঠিত হবে। সেখানে বিদেশি ক্রেতাদের জন্য রপ্তানিমুখী পণ্য প্রদর্শনের ব্যবস্থা ও পরিবেশ তৈরি করা হচ্ছে। এসময় মন্ত্রী এ বছরের শেষ নাগাদ পূর্বাচলের নতুন মেলা প্রাঙ্গনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০২০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছিলেন।