English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১১:২৭
সূত্র:

ওয়েজ বোর্ড নিয়ে মন্ত্রিসভা কমিটির প্রথম সভা আজ

ওয়েজ বোর্ড নিয়ে মন্ত্রিসভা কমিটির প্রথম সভা আজ

সংবাদকর্মীদের জন্য গঠিত নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনায় পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কমিটির প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ে কমিটির প্রথম সভা হবে।   মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সভায় সংবাদকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড, ২০১৮’-এর সুপারিশ পর্যালোচনা নিয়ে আলোচনা করা হবে।

গত সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারের শেষ সময় কমিটি করা হয়েছিল, মন্ত্রী পরিবর্তন হয়ে যাওয়ায় ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের কমিটির কার্যপরিধি ঠিক রাখা হয়েছে। সেই হিসেবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করতে হবে। তবে পুনর্গঠিত কমিটি চাইলে সময় বাড়াতে পারবে।

পুনর্গঠিত কমিটিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে সদস্য করা হয়েছে।

এর আগে নবম মজুরি বোর্ডের সুপারিশ পর্যালোচনায় গত ৩ ডিসেম্বর ওই সময়ের সংস্কৃতিমন্ত্রীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দিয়েছিল মন্ত্রিসভা। ওই কমিটিতে শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীকে রাখা হয়েছিল।