English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১২:০০
সূত্র:

হেলিকপ্টার চলাচলেও নিষেধাজ্ঞা জারি ইসির

হেলিকপ্টার চলাচলেও নিষেধাজ্ঞা জারি ইসির

একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনি ও রোববার বেসরকারি হেলিকপ্টার চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় শুধু জরুরি রোগী পরিবহন বা হাসপাতাল সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা যাবে।   ৩০ ডিসেম্বরের নির্বাচনে যান চলাচলের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর হেলিকপ্টার চলাচলে এই নির্দেশনা এলো। শুক্রবার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত কিছু যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সেইসঙ্গে ২৮ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত মটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসব যানবাহন চলাচলের মতো ২৮ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাত ১২টা পর্যন্ত বেসরকারি হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে।

তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতাল সেবা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ইসির এ নির্দেশনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড, সিকদার এভিয়েশন, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যানসহ সব বেসরকারি হেলিকপ্টার সার্ভিস কোম্পানিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে, শনিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোটের দিন দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত বেবি টেক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে নৌযান চলাচলের ওপর।

এ ছাড়া ভোটকে সামনে রেখে শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চার দিন সারাদেশে মোটরসাইকেল চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে।