English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩২
সূত্র:

শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন থাকবে

শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন থাকবে

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এ শৈত্যপ্রবাহ আরো ২-৩ দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ এলাকার আওতা আরো বাড়বে বলেও জানানো হয়েছে। পাশাপাশি কুয়াশাও পড়তে পারে।

সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রাও কমেছে বিভিন্ন অঞ্চলে। তবে এই মুহূর্তে শৈত্যপ্রবাহের তীব্রতা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে নেমে হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শৈত্যপ্রবাহ এলাকাগুলোর মধ্যে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৮ ডিগ্রি, বদলগাছিতে ৮ দশমিক ৪ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ১২ দশমিক ৪ ডিগ্রি, চট্টগ্রামে ১৪ দশমিক ৮ ডিগ্রি, সিলেটে ১৪ দশমিক ৪ ডিগ্রি, রংপুরে ১০ ডিগ্রি, খুলনায় ১০ দশমিক ৫ ডিগ্রি এবং বরিশালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।