English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮ ১২:২৯
সূত্র:

গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া- কোটালীপাড়া) থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। সে উদ্দেশ্যে টুঙ্গীপাড়ার পথে রওনা হয়েছেন তিনি।

বুধবার সকাল সোয়া ৮টার পর নিজের সরকারি বাসভবন গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। সড়ক পথে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নিজের সংসদীয় আসন থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

এ উপলক্ষে বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। যদিও তিনি নির্বাচনী প্রচারণা বছরের শুরুতেই সিলেট থেকে শুরু করেছিলেন। তবে প্রতীক বরাদ্দের পর আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে মোট সাতটি জায়গায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির সফর সফল করতে মঙ্গলবার দুপুরেই টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি টিম। এ টিমে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন।

তিনি সড়ক পথে বুধবার সকালে টুঙ্গীপাড়ায় উপস্থিত হবেন এবং গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।     বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।