English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১৩:৩৮
সূত্র:

‘পর্যবেক্ষকদের গাফিলতি পেলেই সংস্থার নিবন্ধন বাতিল’

‘পর্যবেক্ষকদের গাফিলতি পেলেই সংস্থার নিবন্ধন বাতিল’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাযথ নীতিমালা মেনে পর্যবেক্ষকদের দায়িত্ব পালন করতে সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পর্যবেক্ষক হবেন তারা ভোটকেন্দ্রে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন। তারা শুধুমাত্র ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন, কোনো মিডিয়ার সাথে নির্বাচনবিরোধী বিরূপ মন্তব্য বা কথা বলতে পারবেন না। ছবি তুলতে পারবেন না, গোপন কক্ষে যেতে পারবেন না ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।’

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তাদের এ সতর্কতামূলক নির্দেশনা দেন।

‘নির্বাচনের দায়িত্বপালনে পর্যবেক্ষকদের গাফিলতি পেলে সংস্থার নিবন্ধন বাতিল করা হবে’ বলেও তিনি পর্যবেক্ষকদের সতর্ক করে দেন। এছাড়া পর্যবেক্ষক কোনো লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। সেই সঙ্গে পর্যবেক্ষক যেনো এমন কোনো আচরণ না করেন, যাতে করে তিনি পক্ষপাতিত্ব করছেন বোঝা যায়।

‘পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনো মন্তব্য তিনি করবেন না। নয়তো ওই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে দেওয়ার হুশিয়ারি দেন ইসি সচিব।’

এ সময় ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষকের সংস্থা ১১৮টি। যারা নিজ অর্থায়নে নির্বাচন পর্যবেক্ষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করে।

আসছে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। যাচাই-বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।