English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ০৭:০৩

বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দিতে চীন রাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দিতে চীন রাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দিতে চীনের সম্মতি পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সচিবালয়ে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের দেশের ব্যবসায়ীসহ অন্যদের চীনের ভিসা পেতে সময়সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অনেক সময় ঠিক সময়ে ভিসা পান না। এ কারণে অন অ্যারাইভাল ভিসা দেয়ার বিষয়টি ভাবছে চীন। টুরিস্ট, ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যান তাহলে তারা (চায়না) অন অ্যারাইভাল ভিসা দেবেন। তারা এ বিষয়ে আলোচনা করে গেছেন এবং পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন ও ঘোষণা দেবেন।

বৈঠকে তিনটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো হলো ‘প্ল্যান অব অ্যাকশন অন ল এনফোর্সম্যান্ট ট্রেইনিং কো-অপারেশন’, ‘কো-অপারেশন ডকুমেন্ট অব ইস্টাবলিশমেন্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ ও ‘সাইনিং অব লেটার অব চেইঞ্জ অন পুলিশ ইকুপমেন্ট এইড’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের প্রতিনিধি দলের সঙ্গে সন্ত্রাসবাদ, জঙ্গি দমন, সাইবার অপরাধ, ট্রান্স ন্যাশনাল ক্রাইমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সচিবালয়ে এই বৈঠকে বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান কামাল নেতৃত্ব দেন। চীনের পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি। সকাল সাড়ে ৯টায় চীনের মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে পুলিশের একটি দলের সালাম নেন ঝাও কেঝি।