English Version
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১৬

নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চাই সরকার।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করেন মাইক পম্পেও।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এ সময় প্রধানমন্ত্রী তাকে জানান যে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের।

বৈঠক শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, বৈঠককালে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমরা তা ব্যবহার করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বর্তমানে ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর ঢাকায় পৌঁছবেন।