English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৪

দেশে সাক্ষরতার হার ৭২. ৯%

অনলাইন ডেস্ক
দেশে সাক্ষরতার হার ৭২. ৯%

দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাক্ষরতা নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতদিন চলবে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটির বাস্তবায়ন হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্র উল্লেখ করে প্রাথমিক শিক্ষাসংক্রান্ত নতুন উপাত্ত তুলে ধরেন।

আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে আছে শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার।

এতে অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।