English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১১:১৭

স্টিকার পাল্টে জাবালে নূর এখন নিউ ভিশন!

অনলাইন ডেস্ক
স্টিকার পাল্টে জাবালে নূর এখন নিউ ভিশন!

 বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের পর রুট পারমিট বাতিল হওয়া জাবালে নূর পরিবহনের বাস এখন নিউ ভিশন নাম দিয়ে রাস্তায় নামানো হচ্ছে। ধারণা করা হচ্ছে শধু নিউ ভিশনই নয়, বাসের রং বদলে অন্য বিভিন্ন কোম্পানির নামে গাড়িগুলো রাস্তায় নামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ। 

শনিবার রাজধানীর মিরপুর এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের রং উঠানোর কাজ চলতে দেখা গেছে। বাসটির সামনে নিউ ভিশনের স্টিকার লাগানো হয়েছে। তবে তখনো পেছনে জাবালে নূর লেখাটা তুলে ফেলতে পারেনি। পেছনের অংশে ঘষা-মাজার কাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সামনের অংশে নিউভিশনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। বাসটির রেজি. নম্বর ঢাকা মেট্রো ব-১১-৭৩৭৪।

এছাড়াও আরো কয়েকটি কোম্পানির ব্যানারে জাবালে নূরের বাসগুলো চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল করিম বলেন, জাবালে নূরের কোনো গাড়ি রাস্তায় পেলেই আটক করা হবে। এমন নির্দেশনা ট্রাফিক বিভাগকে দেওয়া আছে।

ভিন্ন নামে জাবালে নূর রাস্তায় নামানোর প্রস্তুতি  চলছে এ বিষয়ে রেজাউল করিম জানান, এমন তথ্য তিনি পাননি। এরপর নিউ ভিশন নামে নাম পাল্টানোর ছবি দেখে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি বিষয়টি ট্রাফিক বিভাগকে অবহিত করব।

এর আগে শুক্রবার রাতে নিউ ভিশনের একটি গাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িকে ধাক্কা দেওয়ায় তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরই মধ্যে ধাক্কা দেওয়া বাস, চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে চালক ও হেলপারকে।