English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১৫:১৯

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার হজযাত্রী

অনলাইন ডেস্ক
সৌদি পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ৫ হাজার ২০৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (১১ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার (১০ আগস্ট) রাত ১১টা পর্যন্ত ২৮ দিনে ৩১০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা।

পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৮ হাজার ৪৫১ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫২টি ও সৌদি এয়ারলাইন্সের ১৫৮টি ফ্লাইটে মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে।