English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৮ ১১:২৩

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন  ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার সকাল আটটা থেকে। আজ দেয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। আগামী ১২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে চলবে টিকিট বিক্রির কার্যক্রম।

প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ৮টা থেকে (টিকিট থাকা সাপেক্ষে) বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে।

আজ ১৭ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের ও ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট বিক্রয় হবে। ১৫ আগস্ট ২৪ আগস্টের, ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদের টিকিট বিক্রি শুরুর দিন ভোরে কমলাপুরে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড়। টিকিটের প্রত্যাশায় বিভিন্ন রুটের যাত্রীরা রাত থেকেই লাইনে দাঁড়িয়ে বা বসে আছেন। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও অনেকে রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন। 

ঈদকে সামনে রেখে পুরো স্টেশন নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে জানিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আজ সকাল ৮টা থেকে ৫ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৬টি কাউন্টার থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হয়েছে। ৬৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। বাকি টিকিট ভিআইপি কোটা ও ই-টিকিটে বিক্রি করা হবে। 

এদিকে, ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অতিরিক্ত যাত্রী বহনে সাত জোড়া (১৪টি ট্রেন) বিশেষ ট্রেন ও ১৫০টি যাত্রীবাহী বাড়তি বগি প্রস্তুত করা হচ্ছে রেলওয়ে পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপে।