English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১৯:১১

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার

অনলাইন ডেস্ক
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি মঙ্গলবার

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। 

এর আগে গতকাল রবিবার ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে টিকিট বিক্রি স্থগিত করে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, গতকাল রবিবার বাসের টিকিট দেয়ার দিন ঠিক করা ছিল। কিছু কিছু পরিবহন বাসের টিকিট দেয়া শুরুও করেছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে দূর পাল্লার বাস বন্ধ থাকায় ওই দিন বাসের টিকিট দেয়া স্থগিত করা হয়। আগামীকাল মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, কাল ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। ফিরতি অগ্রিম টিকিট কবে দেওয়া হবে তা পরে জানানো হবে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাল সকাল ৬টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের ‍অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট বিক্রি করা হবে।