English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৮ ১৮:০৭

জিগাতলায় পুলিশের টিয়ার শেল-লাঠিচার্জ, অবস্থা থমথমে

অনলাইন ডেস্ক
জিগাতলায় পুলিশের টিয়ার শেল-লাঠিচার্জ, অবস্থা থমথমে

ধানমন্ডির জিগাতলা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাটিচার্জ করেছে। শাহবাগ থেকে সায়েন্স ল্যাব হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিগাতলার দিকে যেতে চাইলে মিছিল লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

আজ দুপুর একটায় এ ঘটনা ঘটে। এরপর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  টিয়ারশেল ও লাঠিচার্জে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ছেড়ে দিলে জিগাতলা ও সায়েন্সল্যাব এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিতে থাকেন। তারা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই মিছিল আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে জিগাতলায় আসে।

নিরাপদ সড়ক, গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ—এই তিন দাবি নিয়ে পূর্বঘোষণা অনুসারে মিছিল করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো নিপীড়নবিরোধী শিক্ষার্থী ও ব্যবসায় অনুষদভুক্ত কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলায় মিছিল নিয়ে জড়ো হওয়ার কথা ছিল। পরে কয়েক হাজার শিক্ষার্থীর সেই মিছিল সাড়ে ১১টার দিকে শাহবাগে এসে জড়ো হয়। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে জিগাতলার দিকে যায়।

এই মিছিলের নেতা পর্যায়ের কয়েকজন জানান, জিগাতলায় তাঁদের অবস্থানের কোনো উদ্দেশ্য ছিল না। তাঁরা জিগাতলা থেকে ঘুরে আবার শাহবাগে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন। জিগাতলায় মিছিল থেকে একটি অংশ পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। ওই সময় জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে মিছিলটি ইউ টার্ন নেওয়ার সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়া শুরু করে।

এদিকে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। যান ও সাধারণের চলাচল প্রায় বন্ধ রয়েছে।