আজকের মত শেষ, কাল আবার আসবো
নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন আজকের মতো শেষ বলে ঘোষণা করেছে শাহবাগে অবস্থানরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আবার একই দাবিতে শাহাবাগে অবস্থান নেবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
শনিবার রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শাহাবাগে অবস্থান নিয়ে ট্রফিক নিয়ন্ত্রণ করে। এ সড়কে যান চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলে। শাহাবাগ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে গাড়ি ছাড়ে তারা। যার কাগজপত্র পাওয়া যায়নি তাকে আটকে রাখা হয়। বিকেলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাওয়া শুরু করলে এই এলাকার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আজ শনিবার বিকেল সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়। তারা জানায়, নয় দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে। নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ তাদের সব দাবি মানতে হবে। দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে সঠিক, সুষ্ঠু ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
তারা বলছে, আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। এগুলোর দায়ভার কে নেবে, শিক্ষার্থীরা এমন প্রশ্ন তুলে ধরে। আমরা শান্তিপূর্ণ আবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি, কিন্তু ছাত্রলীগসহ অনেকে আমাদের হুমকি ও হামলা করছে।
আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিলে আমরা চুপ করে থাকবো না। আমাদের কয়জনকে বাধা দেবে? আমরা তো অসংখ্য, তাই আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না। অন্যদিকে, আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যেতে ছাত্রলীগ কর্মীদের লিফলেট বিলি করতে দেখা গেছে। লিফলেটে শিক্ষার্থীদের ৯ দাবির বিপরীতে সরকারের পক্ষ থেকে ১১টি দাবি বাস্তবায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
আজ সকাল নয়টার পর থেকে সোহরাওয়ার্দী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকে।
পাশাপাশি শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে আসা শাহবাগ মোড়ের যানবাহনগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পরীক্ষা করতে থাকে।
উল্লেখ্য, রোববার (২৯ জুলাই) দুপুরে কালশি ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫-২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিল। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। তখন পেছন থেকে আরেকটি দ্রুতগতি সম্পন্ন জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিমিষেই বাসটি ওঠে পড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এ ছাড়া আহত হয় আরও ১৩ জন শিক্ষার্থী।
নিহত দুজন হলো- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
ওই ঘটনায় গত রোববার রাতেই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৩। এ ঘটনায় জাবালে নূরের তিনটি বাসের তিন চালক ও দুই হেলপারকে গ্রেফতার করে র্যাব।


