English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১১:০৫

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সোহেল তাজের প্রশ্ন?

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সোহেল তাজের প্রশ্ন?

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে তার ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কয়েকটি হামলার ছবি প্রকাশ করে জানতে চেয়েছেন, কি হচ্ছে?

বুধবার (১ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘এগুলো কী হচ্ছে?’

সোহেল তাজের পোস্ট করা তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছে পুলিশ। এরমধ্যে এক ছাত্রীকে মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

আরেকটিতে দেখা গেছে, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা।

তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, এক শিশুর গলা চেপে ধরেছেন পুলিশের আরেকজন কর্মকর্তা।

প্রথম দুটি ছবি শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। তৃতীয় ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাত ১ টা পর্যন্ত সোহেল তাজের এই পোস্টে প্রায় ১১ হাজার লাইক পড়েছে। এছাড়া তিন হাজার ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন এবং প্রায় দেড় হাজার ব্যক্তি পোস্টটিতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।