English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৮ ১৬:০২

বাংলাদেশ বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।পর্যাপ্ত যাত্রী না থাকায় এই দুটি ফ্লাইট বাতিল করা হয়। বুধবার বিকেলে ও রাতে হজের এই বিশেষ ফ্লাইট দুটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। এ নিয়ে এ বছর যাত্রী সংকটে মোট পাঁচটি ফ্লাইট বাতিল করল বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন- ‘পর্যাপ্ত হজ যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের (১ আগস্ট) দুটি হজ ফ্লাইট বিজি ৩০৫৯ ডিপার্চার বিকেল ৫টা ৫৫ মিনিট এবং বিজি ৫০৫৯ রাত ৯টা ৫৫ মিনিট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন- বিমানের এখনও ৬০০০ হজ টিকিট অবিক্রিত রয়েছে। তাই হজ এজেন্সিগুলোকে দ্রুত টিকিট ক্রয়ের জন্য বলছি। এর আগে গত ২৭ জুলাই পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় দুটি হজ ফ্লাইট (বিজি-১০৪৫ ও বিজি-৭০৪৫) ও গতকাল মঙ্গলবার একটি ফ্লাইট (বিজি-৩০৫৭) বাতিল ঘোষণা করে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৬ হাজার সাতশ ৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার পাঁচশ’ ৯৯ যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২) রয়েছে। এদিকে, বিমানের তথ্য মতে, বাংলাদেশ থেকে গত ১৪ জুলাই থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ৭৬ হাজার ৬৬ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান ৪০ হাজার দুইশ ২৩ জন ও সৌদি এয়ারলাইন্স ৩৫ হাজার ৮৪৩ জনকে বহন করেছে।