English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৭:৫৭

৫২টি নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক
৫২টি নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, মহুরি, হালদা, সাঙ্গু ও মাতামুহুরিসহ ৫২টি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

 ফলে চট্টগ্রাম, ফেনী, বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গ-পদ্মা নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের তিস্তা, ধরলা, সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী ৫২টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৩৭টি নদীর। অপরিবর্তিত আছে ৫টি নদীর পানি। বিপৎসীমার ওপরে রয়েছে ১টি।

গত ২৪ ঘণ্টায় দেশের কক্সবাজারে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া লামায় ১৭২, বান্দরবানে ১৫৫, ভ্যাগ্যকূলে ১৪৯, ঢাকায় ৫৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র: বাসস