English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৮ ১০:৫০

সাত সকালেই বৃষ্টির বিড়ম্বনা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক
সাত সকালেই বৃষ্টির বিড়ম্বনা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

রাজধানীর ঢাকার আকাশে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। কারণটা হচ্ছে লঘুচাপ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন রাজধানীর মানুষ। সড়কে পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। এই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাওয়ালারা বাড়িয়ে দেন ভাড়া।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।