English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৮ ১১:১৩

ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান কোটা সংস্কার আন্দোলনকারীদের

অনলাইন ডেস্ক
ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান কোটা সংস্কার আন্দোলনকারীদের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন এই আন্দোলনের নেতারা।

বুধবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।

সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা, নারী নিপীড়ন, মামলা, রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন বন্ধ, আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। এই কর্মসূচি পালনের জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান আল মামুন।

হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মুক্তি দেয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।

এ ব্যপারে হাসান আল মামুন বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯টি বিভাগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১১টি বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। আগামীকাল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালিত হবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী অন্তত ৭ জন শিক্ষার্থী ৪টি মামলায় কারাগারে আছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বাঁশ ও কাঠে আগুন এবং ভাঙচুর, আন্দোলনের সময় শাহবাগে গাড়ি আটকে রাখা এবং ৫৭ ধারায় মামলা করা হয়েছে। এদের মধ্যে রাশেদ খাঁনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা রয়েছে।