English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৮ ১০:৫৮

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২২ সদস্য বিশিষ্ট জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রথমবারের মতো এ কমিটি গঠনের আদেশ জারি হয়।

কমিটি জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং সম্পাদিত হজ চুক্তি সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে। এছাড়া হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সমন্বয় সাধন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, পরিবীক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি বিবেচনা করবে এ কমিটি।   কমিটিতে সদস্য হিসেবে আছেন- ধর্ম বিষয়ক মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, এনএসআই-এর মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি ও মহাসচিব।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি বছরে অন্তত একবার বৈঠকে মিলিত হবে। প্রয়োজনবোধে কমিটি সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।