English Version
আপডেট : ২৩ জুন, ২০১৮ ১৬:৫৬

রোহিঙ্গাদের দেখতে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের দেখতে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি ৩০ জুন ঢাকায় আসবেন। একইদিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম একইদিনে ঢাকায় আসছেন। তারা আগামী ৩০ জুন ঢাকায় আসবেন। ঢাকা থেকে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সূত্র আরো জানা গেছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর আগে সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসি আরের প্রধান ছিলেন। ওই পদে থাকাকালে ২০০৮ সালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। এবার জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই অ্যান্তোনিও গুতেরেস এ সংকট সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে 'ভয়াবহ মানবিক বিপর্যয়' হিসেবে অভিহিত করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।