English Version
আপডেট : ১২ জুন, ২০১৮ ১৫:৩৭

বিএনপি চাইলে খালেদার চিকিৎসা সিএমএইচে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিএনপি চাইলে খালেদার চিকিৎসা সিএমএইচে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চাইলে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। কারণ সবচেয়ে সমৃদ্ধ হাসপাতাল এটি।

খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে করানোর জন্য দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এদিকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ওই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হলেও তিনি বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেন।

সকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সরেজমিনে দেখা যায়, কারাগারের সামনে পুলিশ ও র‍্যাবের গাড়িসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার জন্য আলাদা একটি গাড়িও প্রস্তুত রাখা রয়েছে।

এর আগে, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ৫ জুন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বেগম জিয়ার সুগার লেভেল কমে গিয়েছিল। তার স্বাস্থ্যের ব্যাপারে সরকার সচেতন বলেও জানানো হয়।