English Version
আপডেট : ৯ জুন, ২০১৮ ১৬:২২

ঈদে সড়কপথ নির্বিঘ্ন করতে ভিজিলেন্স টিম থাকবে : কাদের

অনলাইন ডেস্ক
ঈদে সড়কপথ নির্বিঘ্ন করতে ভিজিলেন্স টিম থাকবে : কাদের

গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালের প্রতিটিতে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে এই ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত ভাড়া দাবি না করা, বাসের ছাদে যাত্রী পরিবহন না করা ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে বাস টার্মিনালে এই টিম কাজ করবে।

শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে টিম গঠন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (ট্রাফিক) আহ্বায়ক করে টিমে মোট সদস্য ১২ জন। এই টিম আগামী সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত ২৪ ঘণ্টা তিন টার্মিনালে যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। টিমের অন্য সদস্যরা হচ্ছে, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক ইন্সপেক্টর, সংশ্লিষ্ট এলাকার পেট্রোল ইন্সপেক্টর, সংশ্লিষ্ট টার্মিনাল ম্যানেজার, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) ও মোটরযান পরিদর্শক (বিআরটিএ)।