English Version
আপডেট : ২ জুন, ২০১৮ ১৪:৫৪

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কক্সবাজারের টেকনাফ ওয়ার্ড কাউন্সিল একরাম নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ শনিবার (২ জুন) সকালে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে।’   তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের ঘটনা যদি ঘটেই থাকে, যদি প্রমাণও হয়ে থাকে। তাহলে আপনারা (সাংবাদিক) জানেন যে, একজন ম্যাজিস্ট্রেট তদন্তে রয়েছেন। ম্যাজিস্ট্রেটের তদন্তে যদি কোনো রকম ইঙ্গিত আমরা পায় তাহলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং সেটা আইন অনুযায়ী বিচার হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (৩১ মে) সংবাদ সম্মেলনে কাউন্সিলর একরামুল হককে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী আয়েশা বেগম। তিনি বলেন, ‘২৬ মে রাতে একটি গোয়েন্দা সংস্থার মেজর পরিচয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। আমার স্বামী মোবাইলে আমার মেয়ে ও আমার সাথে কথা বলেন। এ সময় তার কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। এরপর আমার মোবাইলটি সারাক্ষণ খোলা ছিল এবং রেকর্ড ছিল। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চিৎকার ও গুলির শব্দ শুনে আমি ও আমার পরিবার আঁতকে উঠি। তখন বুঝতে বাকি থাকে না, আমার স্বামীকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’