English Version
আপডেট : ৩০ মে, ২০১৮ ১০:৪৬

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

অনলাইন ডেস্ক
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবেন।

বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।   ২৫ মে দু’দিনের সরকারি সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন। এ সময় দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন।

এ সফরে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও বৈঠক করেন। শেখ হাসিনা পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি গ্রহণ করেন।

শেখ হাসিনা তার এ সফরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ি’ এবং কলকাতায় ঐতিহাসিক ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু’ জাদুঘর পরিদর্শন করেন।

২৬ মে রাতে দেশে ফেরেন শেখ হাসিনা। এ সফরে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।