English Version
আপডেট : ২৫ মে, ২০১৮ ১৫:৪৪

সিএনজি স্টেশন বন্ধ থাকবে প্রতিদিন ৬ ঘন্টা

অনলাইন ডেস্ক
সিএনজি স্টেশন বন্ধ থাকবে প্রতিদিন ৬ ঘন্টা

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৪ মে) সিএনজি স্টেশন বন্ধ রাখা সংক্রান্ত সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করছে পেট্রোবাংলা।

আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে গ্রাহক তথা জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ মে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে সিএনজি ফিলিং স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ এবং বিদ্যুতের উৎপাদন বাড়বে। দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের অভিযোগ থাকলেও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এই মাসে আরও ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।