English Version
আপডেট : ১১ মে, ২০১৮ ১৪:৪১

উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা : জয়

অনলাইন ডেস্ক
উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা : জয়

শেষ মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উৎক্ষেপণ স্থগিত হয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার সকালে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্য তুলে ধরেন।

সজীব ওয়াজেদ বলেন, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটুও এদিক-সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে। আজ (বৃহস্পতিবার দিবাগত রাত) যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল (শুক্রবার দিবাগত রাত) একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এ ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।’   স্যাটেলাইটটির উৎক্ষেপণকারী সংস্থা স্পেসএক্স জানিয়েছে, বঙ্গবন্ধু-১-এর উৎক্ষেপণ ২৪ ঘণ্টা পিছিয়েছে।

স্পেসএক্স জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ৪টা ১৪ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।