English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮ ১৭:৩৮

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই কোটা বাতিল করে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই কোটা বাতিল করে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারির পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। 

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না—এমন প্রশ্নে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে। প্রজ্ঞাপনের সময়ই এসব বিষয়ে উল্লেখ থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তার বক্তব্যে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে বলেছেন, এটি কীভাবে কার্যকর হবে জানতে চাইলে সচিব বলেন, আমরা পুরো বিষয়েই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যেভাবে বলবেন সেভাবেই প্রজ্ঞাপন হবে। আমাদের পরবর্তী কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া। 

এর আগে বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়ে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। সেই প্রজ্ঞাপনে কী থাকবে, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিষয়টি কীভাবে থাকবে সেটি জানা যাবে এ সংক্রান্ত কমিটি গঠিত হওয়ার পর তারা যেভাবে বলবেন তার ওপর। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।