English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮ ১১:৫২

‘ঋণ খেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে প্রকাশ করা হবে’

অনলাইন ডেস্ক
‘ঋণ খেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে প্রকাশ করা হবে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঋণ খেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেতো, ঋণ খেলাপিরা সে টাকা গুম করে দেন। এই ঋণ খেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে প্রকাশ করা হবে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুস্তম আলী তার প্রশ্নে ঋণ খেলাপিদের নাম-ঠিকানা পত্রিকায় দেয়ার অনুরোধ জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করেছি। এ বিষয়ে সংসদ সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণ খেলাপিদের নাম দিয়েছি। তবে, তাদের নাম ঠিকানা কাগজে (পত্রপত্রিকায়) প্রকাশের চিন্তা কখনো করিনি। বিষয়টি এখনও ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই করতে পারি। এই প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে। সময় সময় তাদের নাম প্রকাশ করা যেতে পারে।