English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৯:৩০

আরো ১৬৫ তরুণ ইন্টার্ন শুরু করছে বিদ্যুৎ-জ্বালানী মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক
আরো ১৬৫ তরুণ ইন্টার্ন শুরু করছে বিদ্যুৎ-জ্বালানী মন্ত্রণালয়ে

প্রথম ধাপে ১০০ জন তরুণের তিন মাস ইন্টার্ন শেষে এবার ১৬৫ জন তরুণ নতুন করে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে পূর্ববর্তী ইন্টার্নদের সার্টিফিকেট প্রদান ও নতুন ইন্টার্নদের বরণ করে নেয়ার জন্য হওয়া এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ইয়াং বাংলার ভিন্নধর্মী উদ্যোগ ‘ভিশন ২০২১ ইন্টার্নশিপ’ এর আওতায় তারা সরকারি অফিসে ইন্টার্ন করার সুযোগ লাভ করছে।   অনুষ্ঠানের সঞ্চালনায় থাকা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সিনিয়র পলিসি অ্যানালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফারহাদ জানান, ইয়াং বাংলার সেক্রেটারিয়েট সিআরআই। বাংলাদেশে তরুণদের সবচাইতে বড় প্লাটফর্ম হিসেবে ইয়াং বাংলা সব সময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে। এমন এক উদ্যোগ ‘ভিশন ২০২১ ইন্টার্নশিপ’। এর আওতায় গত বছর পর্যন্ত ৭৭৮ জন তরুণ-তরুণীকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ লাভ করেছেন। এবার নতুন করে আরো ১৬৫ জন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কাজের সুযোগ পাচ্ছে।   তিনি জানান, ইয়াং বাংলার ফেসবুক পেজ থেকে ইন্টার্নশিপের জন্য আবেদন পত্র আহ্বান করা হয়। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করা তরুণদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টার্ন করার সুযোগ প্রদান করা হয়।   এদিকে ইন্টার্ন করা ১০০ জনের হাতে সার্টিফিকেট তুলে দেয়ার পর বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আমাদের লক্ষ্য ছিলো তরুণ সমাজের সঙ্গে সরকারি অফিসগুলোর এক যোগসূত্র সৃষ্টি। এর মাধ্যমে সরকারি বিভিন্ন কার্যালয়ের সঙ্গে পরিচয় হচ্ছে তাদের। সম্পর্ক তৈরি হচ্ছে কর্মজীবী ও তরুণদের মধ্যে। সেই সঙ্গে এই কার্যক্রমে যোগ দিয়ে নিজেদের সময় নষ্ট না করে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হচ্ছে দেশের তরুণ সমাজ। ইয়াং বাংলার সহায়তায় শুরু হওয়া এই কার্যক্রমকে আমরা স্বাগত জানিয়েছি। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই ইন্টার্নের সংখ্যা ভবিষ্যতে জ্যামিতিক হারে বাড়ানোর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।   আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা মনীষা পোদ্দার এই অনুষ্ঠানে সার্টিফিকেট নেয়ার পর নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন,  এই ধরণের কার্যক্রম নিশ্চিতভাবে আমার অভিজ্ঞতায় দারুণ এক সংযোজন। এই ইন্টার্ন কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ শেখার ক্ষেত্রে আমাকে খুবই সহযোগিতা করেছে। ভবিষ্যৎ কাজের ক্ষেত্রেও এই অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করছি এ ধরণের কার্যক্রম আরো বড় আঙ্গিকে গ্রহণ করা হবে।   চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য সিএসসি সম্পন্ন করা সৌমেন কানুনগো ইন্টার্ন সুযোগ লাভের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াং বাংলা ও সিআরআইকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ করে দেয়ার জন্য। এটি দারুণ এক সুযোগ। হাতে কলমে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানী মন্ত্রণালয়ের কাজ দেখার সুযোগ পাচ্ছি আমরা। এটি ভবিষ্যতে আমাদের পেশাগত কাজে অনেক সাহায্য করবে বলে আশা করছি।