English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৭:২১

বাংলাদেশ-ভারতের মধ্যে ৬ সমঝোতা স্মারক

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ভারতের মধ্যে ৬ সমঝোতা স্মারক

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব ও বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এরআগে একই স্থানে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টা ২০ মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখলে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।