English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৩:০৮

এবার কোটা সংস্কারের দাবিতে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

অনলাইন ডেস্ক
এবার কোটা সংস্কারের দাবিতে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সকল জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’। ‘কোটা যদি দিতে হয় ১০ শতাংশের বেশি নয়।’ ‘কোটা সংস্কারের আন্দোলন, চলছেই চলবে।’ ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবিরা মুক্তি পাক’ এসব শ্লোগান দিচ্ছি।

এর আগে কোটা সংস্কারের দাবিতে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে আসতে থাকে জাহাঙ্গীররগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাল থেকেই ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় শতাধিক পুলিশ। পুলিশের একটি জলকামান ঘটনাস্থলে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।