English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ১১:৪২

রোহিঙ্গা ক্যাম্পে যাবেন মিয়ানমারের মন্ত্রী

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ক্যাম্পে যাবেন মিয়ানমারের মন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার কার্যকর সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মস্কো সফররত মন্ত্রী মাহমুদ আলী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে এ সহায়তা চান।

বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে রোহিঙ্গা সংকট প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রী। মাহমুদ আলী রাশিয়াকে জানান, মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী ড. উইন মিয়াত আয়ে বাংলাদেশ সফর করবেন আগামী ১১ এপ্রিল। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যেতে আগ্রহী। রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমারের অনেক মন্ত্রী বাংলাদেশে এলেও তিনিই প্রথম ক্যাম্প পরিদর্শনে যেতে চান।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার পুরনো ও নির্ভরযোগ্য অংশীদার হচ্ছে বাংলাদেশ। একাত্তরের পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমাগত বেড়েছে। লাভরভ আশা করেন—বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ও সহায়তা আন্তর্জাতিক এরিনাতেও বাড়বে। সেখানে দুই দেশ অভিন্ন সুরে কথা বলবে।