English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৮ ১৭:৩৬

ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট নিয়ে ১১ দেশের আপত্তি

অনলাইন ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট নিয়ে ১১ দেশের আপত্তি

ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে ১১টি দেশের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইউরোপীয় ইউনিয়নসহ দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, কানাডা, ফ্রান্স, স্পেন, নরওয়ে ও সুইজারল্যান্ড।

রোববার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেশগুলোর প্রতিনিধিরা বৈঠক করে এ আপত্তি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা ২১, ২৫, ২৮ এবং ৩৫ নিয়ে কূটনীতিকরা আপত্তি জানিয়েছেন।

মন্ত্রী জানান, ঢাকায় অবস্থিত ১১টি দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার সঙ্গে বৈঠকের একটি আবেদন করেছিলেন। আবেদনে তারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলতে চেয়েছিলেন। আজকে বৈঠকে আইনটি নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। আইনের কয়েকটি ধারা সম্পর্কে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। আমরা তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছি। বৈঠকে ১১টি দূতাবাস আপত্তির কথা জানালেও ৯টি দেশের দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, তাদের বক্তব্য শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব ধারা সম্পর্কে প্রস্তাবনা এসেছে, তা নতুন করে ভেবে দেখা হবে। প্রয়োজনে আমরা বৈঠক করব।

উল্লেখ্য, সমালোচনার মুখে তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বিলুপ্ত করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া চূড়ান্ত করেছে সরকার। এর পর নতুন  আইনের খসড়া করা হলেও তা নিয়েও বিতর্ক দেখা দেয়। বিশেষ করে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।