English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৮ ২২:০৮

মমতাকে তিস্তায় রাজি করাতে দিল্লি সচেষ্ট রয়েছে: মোদি

অনলাইন ডেস্ক
মমতাকে তিস্তায় রাজি করাতে দিল্লি সচেষ্ট রয়েছে: মোদি

বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়া দিল্লি সচেষ্ট রয়েছে বলে রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে এক বৈঠকে এ কথা জানান মোদি। বিশ্বের ১২১ দেশের সৌরবিদ্যুৎ সহযোগিতাবিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্স’ এর ফাঁকে বাংলাদেশের প্রেসিডেন্ট ও ভারত সরকারপ্রধান বৈঠকটি করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকের সময় রাষ্ট্রপতি বালাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গ তুলে ধরেন। জবাবে মোদি বলেন, তার সরকার এ ব্যাপারে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে এবং সবাইকে নিয়েই সমাধান করতে আগ্রহী।

বৈঠকে মোদি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রশংসা করেন ভারতের সরকারপ্রধান।

উল্লেখ্য, দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, ফ্রান্সসহ ২৩ দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান এবং ৯ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।