English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৮ ১০:৩১

প্রস্তুতি সোহরাওয়ার্দী উদ্যানে, যে বার্তা দিবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
প্রস্তুতি সোহরাওয়ার্দী উদ্যানে, যে বার্তা দিবেন শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের ইউনেস্কো স্বীকৃতির পর প্রথমবারের মত দিবসটি পালনে এই সমাবেশ করছে দলটি। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত এবার জনসভার মাধ্যমে সরকারি দল নির্বাচনী মহড়া করার প্রস্তুতি নিচ্ছে।

দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ওই নির্বাচন টার্গেট করেই স্মরণকালে সর্ববৃহৎ গণজমায়েত করবে আওয়ামী লীগ।

জনসভা থেকে একাদশ সংসদ নির্বাচনের বৈতরণী পারের গুরুত্বপূর্ণ বার্তা নেতাকর্মীদের মধ্য পৌঁছে দিবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সমাবেশের মাধ্যমে সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিবেন তিনি।

এই প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচন নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সমাবেশ থেকে পাড়া-মহল্লা, জেলা-উপজেলা, পৌরসভাসহ তৃণমূল নেতাকর্মীদের জন্য গাইডলাইন দেয়া হবে।

এদিকে, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সরেজমিনে জনসভা সামনে রেখে ব্যাপক কর্মযজ্ঞ দেখা গেছে। মঞ্চ তৈরির কাজ তুমুল বেগে এগিয়ে চলেছে। বসানো হচ্ছে চেয়ার। সাজানো হচ্ছে প্যান্ডেল। রাতদিন এক করে কাজ করছেন ডেকোরেশনের দায়িত্বে থাকা কর্মীরা। সিসি ক্যামেরা বসানোসহ গোটা উদ্যান নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হচ্ছে।