English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৮ ১৮:৫৬

জাফর ইকবালকে ছুরিকাঘাত, ক্যাম্পাসে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
জাফর ইকবালকে ছুরিকাঘাত, ক্যাম্পাসে বিক্ষোভ

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এর এক উৎসবের সভামঞ্চে অধ্যাপক জাফর ইকবাল সোফায় বসেছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন।

ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা এক যুবককে ধরে গণপিটুনি দেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষেকেরা এসে তাকে উদ্ধার করে শিক্ষাভবন (এ)- এর ভেতরে নিয়ে যান। তার নাম পরিচয় এখনো জানা যায় নি।

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা শিক্ষাভবনের (এ) ফটক ভেঙে ফেলেন।

ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট মেট্রোপলিটনের এডিসি আবদুল ওহাব বলেন, অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।