English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪৫

খালেদার রায়সহ মূল নথি হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক
খালেদার রায়সহ মূল নথি হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়সহ মূল নথি পাঠাতে হাইকোর্টের আদেশ নিম্ন আদালতে পৌঁছেছে। এরপরই নথি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন আদালত।

বিশেষ জজ আদালত-৫-এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন বলেন, রোববার হাইকোর্টের নথি তলবের আদেশের কপি বিচারিক আদালতে পৌঁছেছে।

মোকাররম হোসেন বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী নথি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কাজগুলো শেষ হলেই নথি হাইকোর্টে পাঠানো হবে। তবে কতো দিনের মধ্যে নথি পাঠাতে পারবেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করা হয়। হাইকোর্ট আবেদন গ্রহণ করে উচ্চ আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতকে মূল নথি পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত রাখেন হাইকোর্ট।