English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৮ ১১:৫৮

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

অনলাইন ডেস্ক
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৩তম আসরের দ্বিতীয় পর্ব। ধর্মপ্রাণ মুসল্লিরা শীত উপেক্ষা করে ভোরের মধ্যেই ময়দানে এসেছেন। তাদের ইবাদত-বন্দেগি ও জিকির আসকারে বৃহস্পতিবারই মুখর হয়ে উঠে ময়দান। আজ এখানে জুমার জামাতে শরিক হবেন লাখো মুসল্লি।

প্রথম পর্বে আসা ৯৭ দেশের প্রায় ২০ হাজার মেহমান এখনও ময়দানে আছেন। তারা অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বেও। আরও কিছু বিদেশি মেহমান বৃহস্পতিবার ময়দানে এসেছেন। দেশি মুসল্লিদের মধ্যে এ পর্বে অংশ নিচ্ছেন ১৬ জেলার বাসিন্দারা। তবে এর বাইরের জেলা থেকে বেশকিছু মুসল্লি এসেছেন তাবলিগে সময় (দেশে-বিদেশে ৪০ দিন বা তার বেশি) লাগানোর জন্য।

গাজীপুর পুলিশ সুপার হারুন-অর-রশীদ বলেন, মুসল্লিদের নিরাপত্তায় আট স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। নদীপথ, স্থলপথ ও মোটর প্যাট্রুলসহ পুরো ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে।

ঢাকা জেলার মুসল্লিরা ১-১০, ১৮ ও ১৯ নম্বর খিত্তায় অবস্থান করছেন। জামালপুরের মুসল্লিরা ১১ ও ১২, ফরিদপুর ১৩, কুড়িগ্রাম ১৪, ঝিনাইদহ ১৫, ফেনী ১৬, সুনামগঞ্জ ১৭, চুয়াডাঙ্গা ২০, কুমিল্লা ২১ ও ২২, রাজশাহী ২৩ ও ২৪, খুলনা ২৫ ও ২৭, ঠাকুরগাঁও ২৬ ও পিরোজপুরের মুসল্লিরা ২৮ নম্বর খিত্তায় অবস্থান করছেন। নারীদের জন্য ময়দানের উত্তর-পশ্চিম কোণে রয়েছে মাস্তুরাত কামরা।

১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৬ সালে একই বছর ২ বার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে নিয়মিত দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে। এবার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১২-১৪ জানুয়ারি।