English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৮ ১৮:৩২

সন্ধ্যায় শপথ নেবেন নারায়নসহ আরও চারজন

অনলাইন ডেস্ক
সন্ধ্যায় শপথ নেবেন নারায়নসহ আরও চারজন

মন্ত্রিসভার সম্প্রসারণে চারজন আজ মঙ্গলবার সন্ধ্যায় শপথ নেবেন। তারা হলেন- নারায়ন চন্দ্র চন্দ, কাজী কেরামত আলী, এ কে এম শাহজাহান এবং মোস্তফা জব্বার।

এদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। 

আরো জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন এই সদস্যদের শপথ পড়াবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এ ব্যাপারে আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, “তিনজন নতুন এবং একজন পুরনো। পুরানো থেকে একজন পূর্ণমন্ত্রী হবেন। আর দুজন নতুন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, মোট চারজন। (গণমাধ্যমে) নাম যেভাবে আসছে, ঠিক আছে। ”

মন্ত্রিসভায় আরও রদবদলের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “না না না, এই চারজনই শপথ নেবেন। ”