English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৪

গৃহবধূকে আপত্তিকর ম্যাসেজ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক
গৃহবধূকে আপত্তিকর ম্যাসেজ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ইভটিজিং দায়ে বেসরকারী ঔষধ নির্মাণ প্রতিষ্ঠানের এক বাজারজাত করণ কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জরিমানা আদায় করেন। সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বড়ইবাড়ী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে নাভানা ফার্মাসিউটিক্যালসের টেরিটরি মার্কেটিং কর্মকর্তা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) জামিল উদ্দিন রাশেদ জানান, বেশ কিছুদিন যাবত মোফাজ্জল হোসেন পৌর এলাকার মাওনা চৌরাস্তার এক গৃহবধূকে মোবাইল ফোনে আপত্তিকর ম্যাসেজসহ বিভিন্ন ভাবে উত্যক্ত করত। এ ঘটনায় গৃহবধূ শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে মাওনা চৌরাস্তা থেকে তাকে আটক করে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।