English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৫
ডিএনসিসি নির্বাচন

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সঙ্গে বসছে ইসি

অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সঙ্গে বসছে ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির ৩৬টি ওয়ার্ডে ভোটের তারিখ নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বসছেন নির্বাচন কমিশন সচিব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সার্বিক বিষয় পর্যালোচনা করে তা কমিশনে উপস্থাপন করবেন ইসি সচিব। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সভাকক্ষে এ বৈঠক আহ্বান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব; ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভার বিষয়ে বলা হয়েছে, ‘ঢাকা উত্তরের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা হবে।’ আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ফেব্রুয়ারিতে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয় ১৭ ডিসেম্বরের নির্বাচন কমিশনের সভায়। এ ধারবাহিকতায় বুধবার ইসির ভারপ্রাপ্ত সচিব ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিসি’র সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দীন মন্ডল বলেন, ‘ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি বিষয়ে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে সম্ভাব্য ভোট কেন্দ্র, ব্যালট বাক্স, বিদ্যমান ভোটার তালিকা ও হালনাগাদ তথ্য, মনোনয়নপত্র ছাপানোর প্রস্তুতি, ভোটার তালিকার সিডিসহ আনুষঙ্গিক প্রস্তুতিমূলক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’ ইসির সিদ্ধান্ত পেলে যথাসময়ে সব সরঞ্জাম প্রস্তুতি রাখা হবে বলে জানান তিনি। ইসি কর্মকর্তারা জানান, কমিশনের পরবর্তী সভায় ১১ জানুয়ারির মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব রাখা হবে, পরীক্ষার মধ্যে নির্বাচন করা হবে না। সে জন্য ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি উপযুক্ত সময় বিবেচনা করা যেতে পারে। ২৭ ফ্রেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।