English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৪
কৃষিব্যাংকের অফিসার (ক্যাশ) পদ

ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করে সরিয়ে নিলো কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
ত্রুটিপূর্ণ ফল প্রকাশ করে সরিয়ে নিলো কর্তৃপক্ষ

রাষ্ট্রয়াত্ত্ব কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে তা আবার সরিয়ে নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করার পর সেটা আবার সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয়। কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর পুনরায় ফল প্রকাশ করা হবে। প্রথমে প্রকাশিত ফলাফল ত্রুটিপূর্ণ হয়ে ছিল। এ বিষয়ে পরীক্ষার্থীরা বলেন, ৭০ নম্বর পেয়েও অনেকে পাস করতে পারেনি। আবার ৭০ এর চেয়ে কম নম্বর পেয়েও অনেকে পাস করেছে।

গত ২৭ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের একঘণ্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে নেয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বিলম্ব হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত রোল নম্বর যাদের তারা সবাই পাস করেছে। এই ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকার্স সিলেকশ কমিটিকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 

প্রকাশিত ফলাফল বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুর রহমান খান গণমাধ্যমকে বলেন, এখনো ফল প্রকাশ করা হয়নি। আগামী ২৭ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। তাহলে কেমন করে কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ফলাফল ওয়েবসাইটে দেয়া হলো- এ বিষয়ে তিনি বলেন, এটা ভুলক্রমে প্রকাশিত হয়েছে। এখন আর সেই ফল ওয়েবসাইটে নেই।