English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৭ ১১:০৬

পোপ ফ্রান্সিসের অভ্যর্থনায় প্রস্তুত বাংলাদেশ

অনলাইন ডেস্ক
পোপ ফ্রান্সিসের অভ্যর্থনায় প্রস্তুত বাংলাদেশ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনদিনের সফরে বৃহস্পতিবার বেলা ৩টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। বাংলাদেশ বর্ণাঢ্য অভ্যর্থনার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসকে সম্মান জানাবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পোপ বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি বাংলাদেশ আসবেন।বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হবে, দেয়া হবে গার্ড অব অনার।

জানা গেছে, পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরসূচিতে রয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সাভার থেকে ঢাকার ধানমণ্ডিতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন পোপ।

বঙ্গবন্ধু জাদুঘর থেকে বঙ্গভবনে যাবেন পোপ, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। রাতে বারিধারার ভ্যাটিকান দূতাবাসে থাকবেন পোপ ফ্রান্সিস।   সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করবেন পোপ ফ্রান্সিস। এরপর ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাৎ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিকালে কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, সেখানে আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শান্তি কামনায় আন্তঃধর্মীয় ও সম্প্রদায়গত ঐক্যবিষয়ক সভায় তিনি অংশ নেবেন।    সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউস পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন পোপ। দুপুরের পর তিনি ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের ইতি টেনে বিকাল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়বেন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এদিকে পোপ ফ্রান্সিসের সফরের সময় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। পোপের সফরকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখার জন্য পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে আছেন পোপ ফ্রান্সিস। ত্রিশ বছর পর এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে আসছেন। সর্বশেষ পোপ দ্বিতীয় জন পল, ১৯৮৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।