English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৫:৪৯

মেয়র হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
মেয়র হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বয়স হয়েছিল ৬২ বছর।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, দোয়া ও মিলাদ মাহফিল, স্মরণসভা ও দুই সপ্তাহব্যাপী মেয়র হানিফ স্বাস্থ্য সেবা (বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান) প্রভৃতি।

এদিকে হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।