English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ০৯:৫১

শহীদ ডা. মিলন দিবস আজ

অনলাইন ডেস্ক
শহীদ ডা. মিলন দিবস আজ

শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের এইদিনে এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে।

সেই থেকে প্রতিবছর শহীদ ডা. মিলন সংসদ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। মিলন হত্যার ২৫ বছর পার হলেও হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করা যায়নি। দিনটি স্মরণে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ।

দিবসটি পালনে ঢাকা মেডিক্যাল কলেজ মিলনায়তনে বিএমএর উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আজ বিকাল ৩টায় যাত্রাবাড়ি চৌরাস্তা পার্কে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।